শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালী ও সমাবেশ
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালী ও সমাবেশে কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা এবং বানিয়াচৌ জে.বি. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কর্মসূচিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ শাহরাস্তি মডেল থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭০০ থেকে ৮০০ জন অংশ নেন।
সমাবেশে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে মাদকবিরোধী একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করবে বলে মনে করছেন স্থানীয়রা।





