সদরপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক, সদরপুর (ফরিদপুর):
ফরিদপুরের সদরপুর উপজেলায় ১ কেজি গাঁজাসহ কালাম ফকির (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কালাম ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়ি কৃষ্ণপুর গ্রামের সালাম ফকিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কালাম ফকির স্থানীয় খোকন মৃধার চায়ের দোকানে বসেছিলেন। তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন তিনি। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোহসিন মুন্সী সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালাম ফকিরকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, “মাদক কারবারের অভিযোগে একজনকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”




