কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর–দোলান বাজার সড়কের গোল্লারটেক এলাকায় একটি কালভার্ট নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।
ভিডিওতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়াকে নির্মাণকাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, কালভার্ট নির্মাণকাজে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং অনিয়মের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা নির্মাণকাজের গুণগত মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে সচেতন ভূমিকা রাখার জন্য স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই।”
এদিকে অভিযোগের সত্যতা ও নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



