কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার বাসাইর বাজার, জামালপুর ও ফুলদি, বক্তারপুর এলাকায় অভিযান পরিচালিত হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঃ আলামিন হালদার এ অভিযান পরিচালনা করেন ।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় যথাক্রমে ১৫ দিন, তিন মাস ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলাধীন মাঝুখান, বক্তারপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বি (২৬), কলাপাটুয়া, জামালপুর এলাকার জসিমের ছেলে আসিফ (২৩) এবং ফুলদি, বক্তারপুর এলাকার মো. ইসমাঈলের ছেলে মো. মোতালিব (২৮)।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।





