টাঙ্গাইলে ৫৩ পূজামণ্ডপে জেলা পরিষদের অর্থ উপহার
সাজেদুল ইসলাম ,টাঙ্গাইল প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলে ৫৩টি পূজামণ্ডপের কমিটিকে অর্থ উপহার দিয়েছে টাঙ্গাইল জেলা পরিষদ। জেলার বিভিন্ন পূজামণ্ডপের ধর্মীয় উৎসব উদ্যাপনে সহায়তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে চেক দেওয়া হয়। এ উপলক্ষ্যে রোববার সকালে জেলা পরিষদের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির। চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন,গতবারের তুলনায় এবার সবচেয়ে বেশি অনুদান দেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে পূজামণ্ডপ কমিটিগুলোকে সহযোগিতা করার লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এ অর্থ উপহার দেওয়া হয়েছে।তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই,সবাই বাংলাদেশি। তার নির্দেশনায় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দেবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি হিসেবে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়,সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামছুন্নাহার স্বপ্না,রসুলপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী ভাস চন্দ্র, সাবালিয়া পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বনাথ, ঘাটাইল উপজেলার লাহেল বাড়ি পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোপীনাথ সহ জেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকারী পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন,ধর্মীয় উৎসব উদ্যাপনে এ ধরনের সহযোগিতা পূজামণ্ডপগুলোর জন্য সহায়ক ভূমিকা রাখবে।





