এক্সপ্রেসওয়েতে লাশবাহী অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত ১
শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে লাশবাহী অ্যাম্বুলেন্স ও একটি ট্রাকের সংঘর্ষে পলাশ খান (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন টোল প্লাজা থেকে প্রায় ৩০০ মিটার সামনে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত পলাশ খান (৩৫) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের জামাল খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে একটি মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। এ সময় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা পার হয়ে ভাঙ্গাগামী লেনে এগিয়ে যাওয়ার পথে একটি ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন পলাশ খান (৩৫) আহত হন। পরে তাঁকে শিবচরের পাচ্চর লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে ইব্রাহিম খান (৬৮) নামে এক ব্যক্তির মরদেহ ছিল। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত ধালু খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনার পর আমি ঘটনাস্থলে এসে দেখি, লাশবাহী অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে রয়েছে। চালকের ঘুমের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটির ফ্রিজিং অংশ থেকে রক্তমিশ্রিত পানি গড়িয়ে পড়তে দেখেছি।”
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আমরা এ ধরনের একটি দুর্ঘটনার খবর পেয়ে কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তাঁরা সেখানে গিয়ে কাউকে পাননি। এর আগেই গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছিল। এ কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।





