কালীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হককে (৪৬) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নরুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অশোক পাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয় । সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুকসহ চারজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।





