পঞ্চগড়ে নিকাহ রেজিস্ট্রার কাজীদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
নিজ নিজ এলাকার অধিক্ষেত্র রক্ষা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। তাদের দাবী, প্রতি ইউনিয়নে বর্তমানে যে একজন কাজী রয়েছে তা বহাল রাখা এবং নিকাহ রেজিস্ট্রার হিসেবে সাধারণ শিক্ষায় সনদধারী ব্যক্তিরা যাতে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত না হন সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কাজীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনগত দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তাহীনতা ও নানা ধরনের হয়রানির কারণে তাদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এআরএম শহিদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধীক কাজী নিয়োগের ব্যাপারে সরকারের সাথে যোগসাজশ করছে যা নিকাহ রেজিস্ট্রারদের জন্য একটি অত্যন্ত দুঃখের বিষয়।
তিনি আরও বলেন, কাজীরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। নিবন্ধন ফি থেকেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং কাজীদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
কর্মসূচি থেকে কাজীদের বর্তমান নির্ধারিত এলাকা সংরক্ষণ, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা প্রদানের দাবী জানানো হয়। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলার সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি আজমত আলী, আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।





