পদ্মা সেতু এলাকায় সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ ও মিছিলকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে শরীয়তপুর জেলা যুবলীগ নেতা ইব্রাহিম চৌকিদার নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কর্মসূচি পালনের উদ্দেশ্যে রাতভর আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা দক্ষিণ থানার অদূরে একটি স্থানে জড়ো হন। ভোরের দিকে সেখান থেকে পদ্মা সেতু অবরোধ ও সড়ক অবরোধের উদ্দেশ্যে মিছিল বের করা হলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা ইব্রাহিম চৌকিদার ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় জাজিরা কলেজ ছাত্রলীগ নেতা রাজ্জাক উদ্দিন রুবেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের একপর্যায়ে বিএনপির এক নেতাকে আটক করে মারধর করেন আওয়ামী লীগের উপস্থিত নেতাকর্মীরা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে সংঘর্ষের পর পদ্মা সেতু সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





