কর্ণফুলীতে বাড়ির দেওয়াল ও সীমানা প্রাচীর ভাঙচুর, আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির বাউন্ডারী দেওয়াল, টিনের ঘেরা এবং সীমানা প্রাচীরের খুটি ভাঙচুর করার পর মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৩ এপ্রিল চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ছাবের আহমেদ (৫৫)।
এর আগে গত ২২ এপ্রিল কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের হাজী সোলাইমান হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাবের আহমেদ ওই এলাকার মৃত নজির আহমেদের ছেলে।
মামলায় মোহাম্মদ আনিসুর রহমান (২৫), মোঃ ফাহিম (২২), জহির আহম্মদ (৫৫) এবং নুরুন্নাহারসহ (৪০) আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ও বহিরাগত আরও ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘটনাস্থলে আতংক সৃষ্টি করে। পরে ভুক্তভোগীর ঘরের বাউন্ডারী দেওয়াল, টিনের ঘেরা বেড়া এবং সীমানার প্রাচীরের খুটি ভাঙচুর করায় বাঁধা দিলে ভুক্তভোগী ছাবের আহমেদ তার ছেলে ও মেয়কে বেধড়ক মারধর করে।
এছাড়াও এ ঘটনায় কোথাও অভিযোগ কিংবা থানায় মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা।
ভুক্তভোগী ছাবের আহমেদ বলেন, অভিযুক্তরা আমার প্রতিবেশী তারা আমার বাড়িঘর ও জায়গা-জমি তাদের দাবি করে দখলে নিতে চাই। আমরা এর প্রতিবাদ করলে মারধর করে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি চান তিনি।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





