কালাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটের কালাই উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় কালাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কালাই উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ এবং কালাই পল্লী উন্নয়ন অফিসের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম।
বক্তারা বলেন, টেকসই জাতীয় উন্নয়নের ভিত্তি শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। পল্লী উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে স্মার্ট ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সমবায় সংগঠন ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কৃষক, উদ্যোক্তা, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।





