তারাগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সমন্বয় সভা
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা এবং তা উন্নয়নে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, বাল্যবিবাহ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, তারাগঞ্জ বালাবাড়ী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এবং স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তারাগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।




