পাথরঘাটায় উপজেলা লিগ্যাল এইড কমিটির অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA) প্রকল্পের আওতায় নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজনে উপজেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে অর্ধবার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়ের পর উদ্বোধনী বক্তব্য দেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সভাপতি মো. পনির শেখ। তিনি বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য দেন CREA প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর নারগিস পারভিন মুক্তি। তিনি সভার উদ্দেশ্য, প্রত্যাশা এবং লিগ্যাল এইড কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি জনগণের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে তিনি CREA প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে চলমান উদ্যোগ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাখাল বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট মসিউর রহমান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি।
বক্তারা বলেন, লিগ্যাল এইড সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, আইনগত সহায়তা সম্পর্কে জনগণকে সচেতন করতে পারলে অনেক সামাজিক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অংশগ্রহণকারীরা আইনগত সহায়তা সেবা সম্প্রসারণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের লিগ্যাল এইড কমিটিকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে সমাপনী বক্তব্যে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।





