পাবনায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ৩১ জনের নামে মামলা
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ, সরকারবিরোধী স্লোগান ও নাশকতার অভিযোগে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামের মৃত মিয়াজান সরকারের ছেলে মো. মজর আলী (৪৯)। তিনি মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মূলগ্রামের কায়েমখোলা মোড়ে আতার আলীর চায়ের দোকানে বসে ছিলেন বাদী। এ সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে একদল ব্যক্তি সেখানে এসে “জয় বাংলা” স্লোগানসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, বাদী ও তার সঙ্গে থাকা ব্যক্তি অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তারা প্রাণনাশের আশঙ্কায় পড়েন এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার তথ্যমতে, খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের বিস্ফোরিত অংশ, চারটি বাজারের ব্যাগে রাখা আনুমানিক ৮ থেকে ১০ কেজি ইটের খোয়া এবং ১০ থেকে ১২টি বাঁশের লাঠি জব্দ করে।
মামলায় বেজপাড়া গ্রামের হেলাল উদ্দিন, হরিপুর গ্রামের মকবুল হোসেন, নৈউতিগাছা গ্রামের সাহেব আলী মাস্টার, জগতলা গ্রামের শরিফুল্লাহ সাচ্চু, নারিকেলপাড়া গ্রামের ওয়াহেদুল ইসলাম বকুলসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলিউলর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


