ফরিদগঞ্জে বেড়েই চলেছে চুরি, এলাকাবাসীর অভিযোগ মাদকসেবিদের দিকে
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রহস্যজনকভাবে বেড়েই চলেছে একেরপর এক চুরির ঘটনা । লিখিত অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণ ছাড়া মিলছে না কোনো প্রতিকার। উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও বদরপুর এলাকায় একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মোটরসাইকেল ও অটোরিকশার পাশাপাশি চোরদের লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না গবাদিপশু কিংবা হাঁস-মুরগিও।
স্থানীয়দের তথ্যমতে, গত এক মাসে উপজেলার রুপসা উত্তর গাব্দেরগাঁও বদরপুর এলাকায় অন্তত ১৫ থেকে ২০টি চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি দক্ষিণ গাব্দেরগাঁও জমাদ্দার বাড়ীতে রাত ১ টার দিকে চুরির ঘটনা ঘটো। হাঁস- মুরগী হাড়ি পাতিলসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায় চোর চক্র। ভুক্তভোগীরা জানান আশেপাশের মাদকসেবীরা এমন কাজ করতে পারে বলে আমাদের ধারণা। নেশার টাকা জোগাড় করতেই তারা এমন কাজ করছে। নিরাপত্তার কারণে আমরা থানায় পর্যন্ত লিখিত অভিযোগ দিতে ভয় পাচ্ছি। লিখিত অভিযোগ ছাড়া প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা অত্র এলাকার মাদক কারবারি নেশাগ্রস্ত শ্রেনির কাছে জিম্মি। তারা যা করবে তা আমাদের মেনে নিতে হব? আমরা এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “বিভিন্ন চুরির ঘটনার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ প্রতিটি ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। চোর চক্রটিকে শনাক্ত করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”



