ময়মনসিংহসহ সমগ্র বাংলাদেশে একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
রফিকুল ইসলাম মানিক, ময়মনসিংহ : ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন (Professional Registration) ও কর্মসংস্থানের দাবিতে সমগ্র বাংলাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন প্রদান এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিই স্মারকলিপির মূল বিষয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের দন্তস্বাস্থ্যসেবার উন্নয়ন, সাধারণ মানুষের সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী দন্তচিকিৎসা নিশ্চিত করতে প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের যথাযথভাবে কাজে লাগানোর বিকল্প নেই। দীর্ঘদিন সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি হলেও পেশাগত নিবন্ধন ও পর্যাপ্ত কর্মসংস্থানের সংকটের কারণে তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হচ্ছে না।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত করা হলে একদিকে রাষ্ট্রের বিদ্যমান জনশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে গ্রাম ও প্রান্তিক জনগোষ্ঠী সহজলভ্য ও সাশ্রয়ী দন্তচিকিৎসা সেবা পাবে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর বিদ্যমান চাপও উল্লেখযোগ্যভাবে কমবে।
সংগঠনের দাবি, ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়; বরং এটি দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, যুগোপযোগী ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদ আরও জানায়, সরকারের আন্তরিক ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দীর্ঘদিনের যৌক্তিক দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনানুগ আন্দোলন অব্যাহত থাকবে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





