সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে কলমাকান্দায় FIAY প্রকল্পের উদ্যোগে ধরিত্রী দিবস উদযাপন
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয়ে FIAY প্রকল্পের উদ্যোগে ২২ এপ্রিল আন্তর্জাতিক ধরিত্রী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুজিত মানখিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারু চার্লস নকরেক, সহকারী শিক্ষকবৃন্দ এবং আলোক কোর–২ প্রকল্পের প্রজেক্ট অফিসার সুচনা রুরাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুজিত মানখিন পৃথিবীকে সুস্থ ও সুন্দর রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বনায়নের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চারু চার্লস নকরেক তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে। তিনি পৃথিবীর প্রাকৃতিক সম্পদের সীমিত ব্যবহার নিশ্চিত করা, অপচয় রোধ করা এবং বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করেন।
প্রজেক্ট অফিসার সুচনা রুরাম তার বক্তব্যে তুলে ধরেন, পরিবেশ রক্ষায় কারিতাসের বিভিন্ন প্রকল্প কীভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, কারিতাসের ত্রাণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে কীভাবে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয় এবং তাদের সহায়তা প্রদান করা হয়।
সবশেষে FIAY প্রকল্পের ফ্রিংনাম দিও, কমিউনিটি অর্গানাইজার (FIAY) শিক্ষার্থীদের বেশি বেশি ফলদ গাছ রোপণের জন্য উৎসাহ প্রদান করেন, যা পরিবেশবান্ধব এবং লাভজনক। আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগায়। এ সময় FIAY প্রকল্পের পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য বিভিন্ন ফলজ গাছ প্রদান করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ধরিত্রী মাতার যত্ন নেওয়ার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও টেকসই পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা অর্জন করে।




