সাতক্ষীরায় বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিএনপির নেতারা।কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. ইদ্রিস আলী জানান, তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, রওশন কাগুজিসহ ১২ জন অফিসে বসা ছিলেন। রাত ১০টার দিকে তারা অফিস তালা দিয়ে মহিউদ্দিনের চায়ের দোকানে চাবি রেখে সামনে মোটরসাইকেলের গ্যারেজে বসেছিলেন। এমন সময় বোমার শব্দ পেয়ে দ্রুত অফিসের দরজা খুলে দেখা যায় অফিসের এক কোনায় আগুন জ্বলছে। ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, বিরোধী দলের লোকজন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশসহ বিএনপির নেতাকর্মীরা অফিস পরিদর্শন করেন। রাতেই এ ঘটনার নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





