হাটহাজারীতে খাল খনন কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
হাটহাজারী প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি (EGPP) প্রকল্পের আওতায় চলমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খাল খনন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে, সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি ইজিপিপি প্রকল্পের আওতায় এই খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২০৩০ মেয়াদে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং পানিসংকট নিরসন।
এ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাটহাজারীতে ‘সুন্দরী ছড়া’ খালের প্রায় ৫ কিলোমিটার পূর্ণ খনন কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষি ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।





