কলমাকান্দায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
কলমাকান্দা, (নেত্রকোনা) প্রতিনিধি,
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ইউএনও কনফারেন্স রুমে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অন এনভায়রনমেন্টাল ইস্যুজ” শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুকুট স্নাল। সঞ্চালনা করেন সূচনা রুরাম।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়। গণমাধ্যম, উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগেই বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব। নদী-জলাশয় দূষণ রোধ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনমত গঠনে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে বলে তারা মত দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “পরিবেশবান্ধব উন্নয়ন ছাড়া টেকসই ভবিষ্যৎ কল্পনা করা যায় না।” মহাদেও নদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বাবুল নাফাক নদী দূষণ বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তালুকদার ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক পাঠান গণমাধ্যমকর্মীদের পরিবেশ বিষয়ক রিপোর্টিং বাড়ানোর ওপর জোর দেন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু ও ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত মানখিনও বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, “পরিবেশ রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য নিয়ে এ ধরনের অ্যাডভোকেসি কার্যক্রম ভবিষ্যতে ধারাবাহিকভাবে চলবে।



