জাতীয় সারাদেশ

“তারাগঞ্জে স্বাস্থ্যসেবায় নতুন গতি, ৫০ শয্যার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন”

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সময়ে জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তারাগঞ্জ উপজেলার সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি ছিলেন। শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর ফলে রোগীরা আরও উন্নত চিকিৎসা সুবিধা পাবেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং সেবার মান বৃদ্ধির মাধ্যমেই এ উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ। তিনি বলেন, শয্যা সংখ্যা বৃদ্ধির ফলে হাসপাতালে রোগী ভর্তির সক্ষমতা বাড়বে এবং স্বাস্থ্যসেবার পরিধিও সম্প্রসারিত হবে। একইসঙ্গে জরুরি বিভাগ, মাতৃসেবা ও শিশুস্বাস্থ্যসেবায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবার বিষয়ে আরও সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এর মাধ্যমে চিকিৎসাসেবায় ভোগান্তি কমবে এবং সাধারণ মানুষ সহজেই উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,