তালার মাগুরায় সরকারি রাস্তায় ঈদগাহের প্রাচীর নির্মাণ,গ্রামবাসীর চলাচলের পথে বাঁধা
মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
তালার মাগুরা ইউনিয়নের ফলেয়া চাঁদকাটি পশ্চিম পাড়া ঈদগাহের প্রাচীর সরকারি রাস্তার সাথে নির্মাণের কারণে স্থানীয় জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরজমিন পরিদর্শনে জানাগেছে, ঈদগাহে ২ শতক এবং মসজিদে ৫ শতক জমি দান করেছে ডাঃ নাজমুল হুদা। ঈদগাহের পশ্চিমপাশ দিয়ে সরকারী রাস্তা যে রাস্তা দিয়ে চলাচল করেন স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের চলাচলের ঐ রাস্তা ঈদগাহের সাথে অর্ধেক বরাবর পাঁচিল দিয়ে যাতায়াতের পথে বাঁধাগ্রস্থ করছে স্থানীয় প্রতিবেশী মহসিন গাজী,মতিয়ার মোড়ল,আহাদ আলী সরদার ও সাঈদ সরদার। এদের নেতৃত্বে চলাচলের সরকারি রাস্তা ঈদগাহের নামে করে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হয়রানি এবং নায়েব অফিসে অভিযোগ করা হয়। এর আগে কয়েক দফায় মাপ জরিপ হলেও তার কোন সমাধান হয়নি। দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। সর্বশেষ ২৫ জুলাই শনিবার নায়েব অফিসের সরকারী আমিনসহ স্থানীয় আমিন আজিজ,শওকত(ভগবানি) আমিনের যৌথ মাপজরিপ হয়। সরকারী আমিন রাস্তাটি সরকারী বলে জানান এবং সরকারী জায়গায় কোন প্রকার নির্মাণ কাজ করা যাবেনা বলে জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন,এটা সরকারি জায়গায় মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হয়। সরকারি জায়গায় কোনভাবে ধর্মীয় প্রতিষ্ঠান করা ঠিক নয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তাটির একটি অংশ প্রাচীর নির্মাণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।





