সারাদেশ

পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন

এম জালাল উদ্দীন:

খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত পাইকগাছা উপজেলায় দিনব্যাপী একাধিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সেবাকে আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে জেলা প্রশাসক পাইকগাছা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং চলমান কার্যক্রম ঘুরে দেখেন। পরবর্তীতে রাড়ুলী ইউনিয়নে অবস্থিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়)-এর ঐতিহাসিক জন্মভিটা পরিদর্শন করেন। সেখানে চলমান সংস্কার ও উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করে ঐতিহ্যবাহী এ স্থান যথাযথভাবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

দিনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক কপিলমুনি কলেজ মাঠে ৫ দিনব্যাপী পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট–২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসকের এ দিনব্যাপী কর্মসূচিগুলো স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ জোরদার করা এবং যুবসমাজকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) কানিজ ফাতেমা লিজা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,