দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে: ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম প্রতিনিধি
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে অব্যাহত রাখতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য। যতবারই এদেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে ততবারই বিএনপি এ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি কখনো আপস করেনি। গণতন্ত্রের জন্য বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে।
তিনি বুধবার কানাডা টরন্টোর ড্যানফোর্থের ‘ভোজন বাড়ি’ রেস্টুরেন্টে কানাডা বিএনপি পশ্চিম, অন্টারিও বিএনপি এবং টরন্টো সিটি বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ জিয়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন ধারা সূচনা করেন। একদলীয় শাসনব্যবস্থার পরিবর্তে জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ডা. শাহাদাত বলেন, আজও বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অনেক খাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নীতির ওপর দাঁড়িয়ে আছে। তাঁর সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি, পর্যটন ও অন্যান্য সম্ভাবনাময় খাতকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
মেয়র বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে একটি সংকটাপন্ন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তাঁর আদর্শ ধারণ করে দুর্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, আজকের দিনে আমাদের শপথ হোক, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও আদর্শকে ধারণ করে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. মাহমুদ তপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক, বক্তব্য রাখেন অটোয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন, মঈন উদ্দিন চৌধুরী প্রমুখ।





