পাটকেলঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামে কারিনা দাস (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কারিনা সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে। এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা আত্মহত্যার প্ররোচনা, যার মূলে রয়েছে দীর্ঘদিনের যৌতুক ও পারিবারিক নির্যাতন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনার বিয়ে হয়। কারিনার বাবা সঞ্জয় দাস অভিযোগ করেন, জামাতা সুজিত টিউশনি করলেও তার কোনও স্থায়ী আয় ছিল না। এ কারণে বিয়ের পর থেকেই সুজিত ও তার মা যৌতুকের দাবিতে কারিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
মঙ্গলবার ভোরে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পান স্বজনরা। কারিনার মামা গৌর দাস ও মাসতুতো ভাই সাগর দাস জানান, শান্ত ও ভদ্র স্বভাবের কারিনা হস্তশিল্পসহ বিভিন্ন কাজে পারদর্শী ছিল। বিয়ের পর থেকেই তার জীবন বিষিয়ে তুলেছিল শ্বশুরবাড়ির লোকজন। তাদের দাবি, কারিনার মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ জানান, মঙ্গলবার সকালে কারিনাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে তার শরীরে কিছু ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।




