পাটকেলঘাটা সরুলিয়া ইউপি নির্বাচনে বিএনপির আস্থার প্রতীক ডাঃ মামুনুর রহমান
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার তালা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী পাটকেলঘাটা থানার ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। দলের হাই কমান্ড এবং স্থানীয় নীতি-নির্ধারকদের ইতিবাচক নির্দেশনায় পাটকেলঘাটার সরুলিয়া ইউপি নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন মাঠপর্যায়ের জনপ্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক ও সরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মামুনুর রহমান খান।
স্থানীয় সূত্র ও দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, ডাঃ মামুনুর রহমান এর আগে সরুলিয়া ইউনিয়ন পরিষদের সফল ইউপি সদস্য (মেম্বার) এবং গ্রাম্য ডাক্তার হিসেবে দীর্ঘদিন সাধারণ মানুষের চিকিৎসাসেবা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণে কাজ করেছেন। করোনাকালীন বিপর্যয়সহ এলাকার যেকোনো সামাজিক ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকায় তৃণমূলের সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের মাঝে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
বিগত সময়ে স্বৈরাচারী শাসনের অবসান ও রাজনৈতিক পটপরিবর্তনের পর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ইমেজে যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে সামনে আনার কৌশল নিয়েছে বিএনপি। সেই ধারাবাহিকতায়, দলের শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডাঃ মামুনুর রহমান সরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক এবং নির্বাচনী প্রচারণা শুরু করেছেন অনেক আগে থেকে ।
নির্বাচনী মাঠে নিজের অবস্থান ও প্রচারণার বিষয়ে জানতে চাইলে ডাঃ মামুনুর রহমান জানান, দলের সিদ্ধান্ত ও এলাকার মানুষের ভালোবাসায় আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে সরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। সরকারি বা দলীয় সুযোগ-সুবিধা যেন প্রকৃত প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।
এদিকে, দীর্ঘ সময় পর সরুলিয়া ইউনিয়নে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ এবং তরুণ ও পেশাজীবী নেতৃত্বের আগমনে সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় নেতা-কর্মীরা মনে করছেন, ডাঃ মামুনুর রহমানের মতো একজন সমাজসেবক ও পোড়খাওয়া ব্যক্তিত্বকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল ইউনিটগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং নির্বাচনী লড়াইয়ে জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।
সরুলিয়া ইউনিয়নের বিএনপি সমর্থিত কয়েকজন নেতা কর্মীরা বলেন, ডাঃ মামুনুর রহমান দীর্ঘ সময় ধরে সরুলিয়ার সাধারণ মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থেকেছেন।অগনিত হামলা ও মামলার স্বীকার হয়েছেন তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে। ওয়ান-ইলেভেন থেকে শুরু করে বিগত স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছেন, দলের হাই কমান্ড ও তৃণমূলের শেষ ভরসা তিনিই।




