পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার (পাবনা )
পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম শফি বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।
নিহত শফির চাচা আবু হোসেন জানান, বাড়ির অদূরেই শাহজাহান মোড় এলাকায় জনৈক আবুল হোসেনের বাগানে গাছ কাটার চুক্তি নেন তিনি। শনিবার দুপুরের দিকে ওই বাগানে একটি মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি এবং কাটা গাছটি তার শরীরের ওপর পড়লে তিনি মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শফিকুল ইসলাম।
দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। শফিক গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
তবে এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘আমি কিছু শুনিনি। বিষয়টির খবর নেওয়া হচ্ছে।
শফিক মোল্লা কৃষি কাজ, গাছ কাটাসহ বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার তিন ছেলে সন্তান রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।




