পাবনায় আ.লীগের মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে রেলবাজার এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি চাটমোহর-টেবুনিয়া সড়কসহ রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। পরে রেলবাজার মোড়ে প্রতিবাদ সভা করা হয়।
মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোকন প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, শান্ত চাটমোহরকে অশান্ত ও অস্থিতিশীল করার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যাদের নেত্রী ভারতে পালিয়ে আছে তারা কী করে রাজনীতি করার সাহস দেখায়? আগামীতে চাটমোহরের কোথাও আওয়ামী লীগ মিছিল করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানান নেতারা।
বক্তারা বলেন, বিএনপি আপনাদের শান্তিতে রেখেছে, আপনারা শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। গুপ্ত মিছিল করে অশান্তি সৃষ্টি করতে চাইলে আপনাদেরও শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
বুধবার (১ জুলাই) বিকেলে চাটমোহর উপজেলার মূলগ্রাম এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী। খবর পেয়ে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের কাউকে পায়নি। পরে সেখানে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মুলগ্রাম ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।




