ফরিদগঞ্জ বাজারে ফুটপাত দখল ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ফুটপাত দখল, সড়কে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মেহেদী হাসান মানিকের নেতৃত্বে ফরিদগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত দখল, দোকানের সামনের সড়কে মালামাল রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি, ট্রেড লাইসেন্স তৈরি ও নবায়ন না করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় শৃঙ্খলা বজায় না রাখার বিষয়গুলো তদারকি করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে বাজারের আটটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান মানিক জানান, ফরিদগঞ্জ বাজারের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অনেক ব্যবসায়ী তাঁদের ট্রেড লাইসেন্স নবায়ন করেন না, আবার কারও কারও ট্রেড লাইসেন্সই নেই। এ ছাড়া অনেক প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয় না। ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং ব্যবসায়ীদের নিয়ম-নীতির আওতায় আনতে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।ল




