মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া।।
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ১মে( শুক্রবার) রাতে পারিবারিক বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সেলিনা বেগম ও ছোট ছেলে সাগর মোল্লাকে আটক করেছে থানা পুলিশ।
ওই বাড়ির বসবাসকারী পরিবারসমূহ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান মোল্লার সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো। অভিযোগ উঠেছে, গত রাতে পারিবারিক কলহের একপর্যায়ে তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগর পরিকল্পিতভাবে হাবিবুর রহমানের ওপর গুরুতর নির্যাতন চালায়। গ্রামবাসীর দাবি, রাতের আঁধারে শারীরিক নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয়রা সংবাদটি থানা পুলিশকে জানালে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে তিন ও পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরকে আটক করে বানারীপাড়া থানায় নিয়ে এসেছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, “সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়েছি”। নিহতের মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হওয়ায় আমরা তদন্ত শুরু করেছি। ঘটনার সাথে জড়িত সন্দেহে স্ত্রী ও সন্তানকে আটক করা হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকান্ড সেটি নিশ্চিত হতে মৃতদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। তিনি আরো জানান যে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঘল সুমন শাফকাত
বানারীপাড়া প্রতিনিধি
তারিখ ঃ ০১-০৫-২০২৬।