সাতক্ষীরায় এক পাগলা কুকুরের কামড়ে ২৪ জন হাসপাতালে
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার কলারোয়ায় এক পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে বিকেল ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পাগলা কুকুর উপজেলার বিভিন্ন গ্রামে ছোটাছুটি করার সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে দিয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও বৃদ্ধ রয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন—হাসিব হোসেন (১৫), নিমারুল (৭০), সাওতা (১৫), রওশন আরা (৫২), পারভীন (৩৪), রোমেছা খাতুন (৬০), তাসকিন (৩), আবদুর রহমান (৩৫), রোজিনা খাতুন (৩৫), রাফান (১১), মুন্নি খাতুন (৪০), মায়ান (৭), রাজিয়া খাতুন (৮), নাইম (৩), ফারহান হোসেন (২), নুর ইসলাম (৫৮), শান্তা (১৬), গণেশ সরকারের আট বছরের মেয়ে, রোকেয়া খাতুন (৭০), হুমায়রা (৩), আনন্দ (৪৫), আরিজুল (৪০) ও মুজাহিদ (৯)।
ঘটনার পর আহত ব্যক্তিরা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের টিকা (ভ্যাকসিন) নিয়ে বাড়ি ফিরে গেছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম কুকুরের কামড়ে ২৪ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।





