অপুষ্টি রোধে তারাগঞ্জে সচেতনতার ঢেউ, শুরু জাতীয় পুষ্টি সপ্তাহ
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিতে পুষ্টির গুরুত্ব তুলে ধরে নানা প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনাব্বর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহসহ অন্যান্য বক্তারা। বক্তারা বলেন, অপুষ্টি একটি জাতীয় সমস্যা, যা নিরসনে সরকার ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় পুষ্টি সপ্তাহের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সুস্থ, সচেতন ও কর্মক্ষম জাতি গঠনে সহায়ক হবে।




