সারাদেশ

জমি নিয়ে বিরোধে বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ তিন ভাইয়ের বিরুদ্ধে

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে বিলকিস বানু (৫০) নামে এক নারীকে কোদালের গোড়া দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহতের পরিবারের অভিযোগ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী বিলকিস বানু পৈত্রিক সূত্রে পাওয়া ৩৯ শতক জমিতে চাষাবাদের কাজ দেখতে যান। এ সময় তাঁর তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী সেখানে গিয়ে বাধা দেন।

এ নিয়ে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অপর দুই ভাইয়ের প্ররোচনায় রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিস বানুর মাথায় উপর্যুপরি আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিলকিস বানুকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,