রাজনীতি

জয়পুরহাটে ফেসবুক প্রচারণা চালিয়ে আচরণ বিধি ভঙ্গ, শোকজ বিএনপি-জামায়াত মনোনীত প্রার্থী 

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলম। মঙ্গলবার (১১ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ পৃথক দুটি নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা গত ২৩ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন সময়ে জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকা ও হাটবাজারে তাঁর ছবি সংবলিত ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ চালান। এসব কার্যক্রমের ছবি ও তথ্য ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলমের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে গত ২৭ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন তারিখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তাঁর ছবি সংবলিত পোস্টার ও প্রচারমূলক পোস্ট দেওয়া হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, প্রার্থীদের এসব কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি লঙ্ঘনের শামিল।

নোটিশে আগামী ১১ জানুয়ারি প্রার্থীদের স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না কিংবা নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না। সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত তারিখে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের পেশকার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ