তালার বদর মোড়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে দিনের আলোয় দুঃসাহসিক চুরি
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বদর মোড় হরি তোলা এলাকার সাবেক এক সেনা সদস্যের বাড়িতে দিনের বেলায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,১২ আগস্ট বুধবার প্রতিদিনের মতো ঘটনার দিন গৃহকর্তা সাবেক সেনা সদস্য মামলা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা কোর্টে ছিলেন ও পরিবারের অন্য সদস্যরা ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে দিনের আলোতেই অজ্ঞাতপরিচয় চোরেরা গিরিল ও দরজার ৮ টি তালা ভেঙে সুকৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ঘরের ভেতরে ঢুকে আলমারি ও ওয়্যারড্রব তছনছ করে। পরে আলমারিতে রাখা নগদ ৬৪ হাজার টাকা ও দেড়ভরি স্বর্ণালঙ্কার নিয়ে অনায়াসে পালিয়ে যায়।
সন্ধ্যার সময় বাড়ির মালিক রবিউল ইসলাম ও তাহার স্ত্রী বাড়িতে ফিরে ঘরের তালা ভাঙা এবং জিনিসপত্র ছড়ানো-ছিটানো দেখে চুরির বিষয়টি টের পান। দিনের বেলায় জনবহুল বদর মোড় সংলগ্ন এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য মোঃ রবিউল ইসলাম বলেন,আমার পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার প্রতিপক্ষরা আমার ক্ষতি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার ধারনা তারাই এ চুরি সংগঠিত কাজে জড়িত।
খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।



