নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বলরামচক চৌধুরী পাড়ায় নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক যুবক।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত ১ টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটিয়েছেন জয় নামের ওই যুবক।
নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সরকার ও চায়না রানী সরকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী দৃষ্টি সরকার (২২) ও ২ বছরের কন্যা সন্তান জেমি সরকার।
জয় সরকারের মা চায়না সরকার জানান, জয় সরকার মানুষিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় দৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান আবার ফিরেও আসেন। বৃহস্পতিবার রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে ওই ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই দৃষ্টি সরকারের মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত জয় ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন বাবা-মেয়ের মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই দৃষ্টির লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।





