পাবনায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অপরাধে খাইরুল ইসলাম (২০) নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাইরুল ইসলামের বাড়ি থেকে ২৪ লিটার সয়াবিন তেল, দুটি ব্লেন্ডার মেশিনসহ নকল দুধ তৈরির উপকরণ জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারোপাড়া মহল্লার বাসিন্দা খাইরুল ইসলাম নিষিদ্ধ জেলি, সয়াবিন তেল ও কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক মিশিয়ে কৃত্রিমভাবে দুধের মতো একটি মিশ্রণ তৈরি করে আসছিলেন। পরে এতে পানি ও দুধ মিশিয়ে পরিমাণ বাড়িয়ে বিভিন্ন চিলিং সেন্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।
এর আগে গত ১৭ এপ্রিল একই এলাকায় নকল দুধ তৈরির অভিযোগে ফারুক হোসেন নামে আরেক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হলেও প্রাণিসম্পদ বিভাগের পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন উপজেলা প্রশাসন। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমানা আক্তার বলেন, তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং ভেটেরিনারি সার্জন সাপ্তাহিক ছুটিতে থাকায় অভিযানে অংশ নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, নকল দুধ প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে এবং সংশ্লিষ্ট দপ্তরকে তথ্য ও সহযোগিতা বাড়াতে হবে।
এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, নকল দুধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে হবে।





