ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা মহিলার ওপর নৃশংস হামলা, থানায় অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মধ্য চাঁদপুর গোবিন্দপুর ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের আরেক বৃদ্ধ।
২৪ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরেরদিন ভুক্তভোগীর স্বামী দেলোয়ার হোসেন বাদী হয়ে ৩ জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা গেছে, মধ্য চাঁদপুর বেগ বাড়ী র মোঃ দেলোয়ার হোসেনের পরিবারের সাথে প্রতিবেশী শাহাজান বেগ(৭০) গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় শাহাজান সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র দিয়ে দেলোয়ার হোসেনের স্ত্রী জাহানারা বেগমের (৫৫) ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার শিকার জাহানারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এমনকি তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৫টি সেলাইও দেয়া হয়। আগে একাধিকবার সামাজিক বিচার সাল্লিশ করা হয়েছে কিন্ত কোনো সমাধান হয়নি। ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হয়।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, হামলার সময় শাহাজান ও তার সহযোগীরা জাহানারা বেগমের জমি দখল করার চেষ্টা করে। ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। প্রতিপক্ষরা এলাকা ছাড়া করার হুমকিও দেন।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরা আমাদের মেরে ফেলার উদ্দেশ্যেই হামলা করেছে। আমাদের জমি জবরদখল করতে তারা দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছিল। আমি প্রশাসনের কাছে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থেকে এলাকা ত্যাগের হুমকি দিচ্ছে এবং উল্টো ইনজুরি সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়ে মামলা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।
হামলাকারী প্রতিপক্ষ শাহাজানের বক্তব্য নেওয়ার জন্য তার বাসায় গেলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরক্ষণেই তার স্ত্রী আয়াতী বেগম জানান তিনি চাঁদপুর সদর হসপিটালে ভর্তি আছেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী সন্তান কেউ বাসায় নেই। ঘটনাস্থলে আমি সরাসরি উপস্থিত ছিলাম না কখন যে হঠাৎ করে মহিলার ওপর আমার স্বামী হামলা করেছে আমি বুঝতে পারি নাই। জাহানারা বেগমকে জখম করার বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি তবে তিনি বলেছেন বয়সজনিত কারণে তিনি আগে থেকেই অসুস্থ তার ওপরও হামলা করা হয়েছে। আমার স্বামী দ্বারা মহিলার ওপর যে হামলা হয়েছে তা যদি সত্য হয় তাহলে তা অন্যায় হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, তাদের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে সামাজিকভাবে কয়েকবার বসা হয়েছে। আমিন এনে সীমানাও নির্ধারন করে দেয়া হয়েছে। উভয়ের মধ্যে হামলার ঘটনায় আমরা উপস্থিত ছিলাম না। আমরা চাই যেহেতু সবাই একই বাড়ীর প্রতিবেশী বিষয়টি আইনিভাবে না গিয়ে এলাকায় বসে সমাধান করা হোক।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, যে জমি নিয়ে ঘটণার সূত্রপাত এই জমি আমার কাছ থেকেই কেনা। আমরা কয়েকবার সাল্লিশ করে সমাধান করে দিয়েছি। বৃদ্ধা মহিলার ওপর হামলা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। যিনি হামলা করেছেন আমার জানামতে তিনি একজন মানসিক প্রতিবন্ধী একজন স্ট্রোকের রোগী। বিষয়টি যেহেতু থানায় চলে গেছে থানায় সমাধান হোক। তারপরেও আমি চেষ্টা করবো এলাকায় বসে উভয় পক্ষের মধ্যে আপোষ মিমাংসা করে থানাকে অবহিত করা।
ফরিদগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




