মাংস কিনতে বেরিয়ে আর ফেরা হলো না—তারাগঞ্জে মর্মান্তিক মৃত্যু
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে ঈদ উপলক্ষে মাংস কিনতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী চিকলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার কুর্শা ইউনিয়নের বাসিন্দা এবং ফজলা রহমানের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জুম্মার নামাজ আদায় শেষে ঈদের জন্য মাংস কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে চিকলী বাজারের দিকে রওনা দেন সিদ্দিক। পথে রংপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন এবং মুহূর্তের মধ্যেই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং বাসটি আটক করে ভাঙচুর চালায়। এ সময় কিছুক্ষণ সড়কে উত্তেজনা বিরাজ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে এবং বাস চালককে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় ঈদের আনন্দের পূর্বমুহূর্তে এক পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।





