মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিলেন ডেপুটি স্পিকার
কলমাকান্দা (নেত্রকোনা), প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ), ঢাকা বাংলাদেশ-এর উদ্যোগে নেত্রকোনার কলমাকান্দায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মুক্তি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সেলিম আহমেদ তালুকদার এবং সঞ্চালনা করেন মুহাম্মদ এনামুল হক তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন মো. সেলিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “তোমাদের সাফল্যে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তোমরা সবাই খুব সুন্দরভাবে পড়াশোনা করছ। তোমাদের স্কুলের সুনাম আমি অনেক দিন ধরেই শুনে আসছি। আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানের জন্য আরও জায়গা বৃদ্ধি কিংবা অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করতে। এ বিষয়ে আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না। আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, “আজ যারা এই সাফল্য অর্জন করেছ, তাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভকামনা। ভবিষ্যতে তোমরা আরও ভালো ফলাফল করবে। তোমাদের মধ্যে কেউ প্রকৌশলী, কেউ বিসিএস কর্মকর্তা, কেউ চিকিৎসক হয়ে দেশ ও জাতির সেবা করবে—এটাই আমার প্রত্যাশা।”
পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।




