রমজান ঘিরে খাদ্য নিরাপত্তায় অভিযান, হোটেল মালিককে জরিমানা
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসকে ঘিরে ইফতার সামগ্রীর মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিম্নমানের ইফতার সামগ্রী সংরক্ষণ ও বিক্রির দায়ে একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাগঞ্জ উপজেলার নতুন চৌপতি এলাকায় পরিচালিত এ অভিযানে ‘নিউ মিষ্টি বন’ নামের একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় ভ্রাম্যমান আদালতের সদস্যরা হোটেল ও খাবারের দোকানগুলো পরিদর্শন করে ইফতার সামগ্রীর মান, সংরক্ষণ পদ্ধতি ও স্বাস্থ্যবিধি যাচাই করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় বিক্রি হওয়া ইফতার সামগ্রীর মান যাচাই এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, ‘নিউ মিষ্টি বন’ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি ও নিম্নমানের খাবার সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছিল। এতে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছিল।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিধিমালার আওতায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। বিশেষ করে রমজান মাসে ইফতার সামগ্রীর মান নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, রমজানসহ সারা বছরই খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
সচেতন মহলের মতে, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান জোরদার করা হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর বার্তা যাবে এবং সাধারণ মানুষ নিরাপদ খাদ্য পাওয়ার নিশ্চয়তা পাবে।



