সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল পদ হারালে নির্বাচন করতে চান হিরো আলম
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। তাদের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় নেওয়া এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলে জানিয়েছে রাজনৈতিক দলটি।
এ সিদ্ধান্তের কারণে সংসদ সদস্য পদটিও হারাতে পারেন গাজী নজরুল ইসলাম। সেক্ষেত্রে সাতক্ষীরা-৪ আসনে হতে পারে উপনির্বাচন। সেই নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
এক অডিওবার্তায় হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হব। আমি চেয়েছিলাম, যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াব। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কিনা। আমার ওপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাশও করেছি, এবার উপনির্বাচনে দেখি জনগণ কী করে।’
এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও ওঠে। পরে তিনি কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে তিনি বর্জন করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।



