স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে গণশুনানি
কুমিল্লা জেলা প্রতিনিধি:
দৌলতপুর উপ স্বাস্থ্য কেন্দ্র ও জগন্নাথপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি এন্ড একাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের আওতায় ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার, সকাল ১১:০০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে দৌলতপুর উপ স্বাস্থ্য কেন্দ্র ও জগন্নাথপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়।
সনাক কুমিল্লার এরিয়া কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট প্রবীর কুমার দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক কুমিল্লার স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহবায়ক আলহাজ্ব শাহ্ মো: আলমগীর খান। গণশুনানির লক্ষ্য ও উদ্যেশ্য উপস্থাপন করেন। সনাক সদস্য রোকেয়া বেগম শেফালী। সনাক কুমিল্লার সদস্য বদরুল হুদা জেনু’র পরিচালনায় গণশুনানিতে অংশ নিয়ে সেবাগ্রহীতা লায়লা আক্তার বলেন গত ২৯ তারিখ থেকে টিকা প্রদান বন্ধ রয়েছে। এলাকার সেবাগ্রহীতা মোহাম্মদ নূর হোসেন বলেন, নির্দিষ্ট সময়ে ডাক্তার ও সাকমো আসেনা। যার কারণে সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার সমাজকর্মী সালে জায়েদ, ঝর্ণা আক্তার বলেন ঔষধের বরাদ্দ বাড়ানো সহ, দায়িত্বরতদের উপর নজরদারী বাড়ানোর দাবী জানান। আলোচনায় অংশ নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন আমরা সরাসরি জনগণের চাকরি করি, আপনাদের কাঙ্খিত সেবা প্রদান করা আমাদের প্রধান দায়িত্ব। এছাড়াও তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের কারণে টিকা প্রদান কার্যক্রম সাময়িক ভাবে ব্যহত হচ্ছে। তিনি জনবল সংকটের বিষয়টি উর্দ্ধতন
কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন। প্রধান অথিতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকারিয়া মাহমুদ সেবা প্রদানে দায়িত্বে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে আশ্বস্তকরেন। তিনি জানান এই কেন্দ্রে সার্বক্ষনিক চিকিৎসাসেবা প্রদানের জন্য একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সকল ধরণের সেবাসহ ঔষধের তালিকা দৃশমান স্থানে রাখার নির্দেশনা দেন। তিনি সনাক এর সহযোগিতায় বাস্তবায়িত কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সনাক সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় গণশুনানিতে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, দৌলতপুর উপ স্বাস্থ্য কেন্দ্র ও জগন্নাথপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের মান আরো কিভাবে বৃদ্ধি করা যায়,
সেই উদ্দেশ্যে এই আয়োজন। তিনি সকল ধরনের ইতিবাচক কার্যক্রমে সনাকের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
গণশুনানিতে সনাক সনাক সদস্য অধ্যক্ষ বিধান চন্দ, মেডিকেল অফিসার, সাকমো, এফডব্লিউভি, এফপিআই, এফডব্লিউএ বিভিন্ন পর্যায়ের সেবাদানকারী ও সেবাগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার প্রতিনিধি, টিআইবি’র এসিজি ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।





