মাদারীপুরে ভোটকেন্দ্রের অদুরে মোটরসাইকেলে আগুন, পরিস্থিতি স্বাভাবিক
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের অদুরে মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলটির প্রায় পুড়ে গেছে। তবে সাধারণ মানুষের মাঝে কিছুটা আতংক ছড়ালেও স্বাভাবিক ভাবে চলছে ভোট গ্রহণ। এ ঘটনায় ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের অদুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, এক ব্যক্তি দ্রুত এসে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এতে কেন্দ্রের আশপাশে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছু সময়ের মধ্যেই পরিবেশ স্বাভাবিক হয়ে আসে এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক বলেন, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।





