দেলদুয়ারে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা
মোঃ জুয়েল মিয়া (দেলদুয়ার উপজেলা প্রতিনিধি):
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু দেলদুয়ার উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদ হলরুম-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক অপু তালুকদার শিপলু এবং উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা, প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান।
সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকার চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।





