মাদারীপুরে বিভৎস অবস্থায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, মিলেনি পরিচয়
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে বিভৎস অবস্থায় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার পরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকার একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশে এক যুবকের রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে, মাদারীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় ছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মুখমণ্ডল বিকৃত করে লাশ ফেলে রেখে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





