অতিরিক্ত মূল্যের কারণে ভোক্তাদের সীমাহীন কষ্ট হয় মাদারীপুরে এমপি- জাহান
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ সদ্য নির্বাচিত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নেমে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অতিরিক্ত মূল্যের কারণে ভোক্তাদের সীমাহীন কষ্ট হয়। কোনোভাবেই এটি করতে দেওয়া যাবে না। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে মাদারীপুর পৌর শহরের ইটেলপুল বাজারের বিভিন্ন দোকানে পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
এমপি জাহান বলেন, আমরা বিভিন্ন দোকানে পরিদর্শন করে দেখতে পেয়েছি যে, সেখানে অনিয়ম রয়েছে। বাজারে যে পরিবেশ তা অন্তত একেবারেই নোংরা। একেবারেই দুঃখজনক। কিন্তু অথচ খাজনা নিয়ে থাকেন তারা। আমরা মনে করি প্রত্যেকটা বাজারেই মনিটরিং করা দরকার। সেখানে দেখা গেলে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারেই বৃদ্ধি। দ্রব্যের যে তালিকাটা থাকার কথা সেই তালিকা অনুসারে তারা বিক্রি করছে না। তালিকা না করে মূল্য বৃদ্ধি করে বিক্রি করছে বলে মন্তব্যও করেন এই সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন নিয়ে মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্যের অফিসার রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্তকর্তা রুবেল মিয়া, র্যাব, পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাজারে শৃঙ্খলা ও স্বস্তি ফেরাতে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায়।




