আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রামে সড়ক দুর্ঘটনায় গতরাতে প্রবাসী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।
নিহত আকাশ হোসেন (২৫) উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তার প্রতিবেশী এক বন্ধুর পালসার মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম ডহরপুর থেকে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এক ব্যক্তির মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে পালসার একটি মোটরসাইকেলসহ আকাশকে উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, গতকাল রাতে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের শালগ্রাম সড়কের পাশে ঈদগাহের নিকটবর্তী একটি খাদে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশের খবর পেয়ে আমার উর্ধতন কর্মকর্তা সার্কেলের সহকারী পুলিশ সুপার আছিব হোসেন এবং অফিসার ইনচার্জ আতাউর রহমান স্যারসহ আমি ঘটনাস্থলে উপস্থিত হই। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দূর্ঘটনা কবলিত রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটরসাইকেল এবং মরদেহ উদ্ধার করা হয়।
চারিদিকে খবর ছড়িয়ে পরলে কিছুক্ষণের মধ্যেই পরিচয় সনাক্ত করা সম্ভব হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু বরণকারী আকাশের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।





