সারাদেশ

‎ভুয়া ঋণ বিতরণ ও সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক শাখা ব্যবস্থাপক রাজিয়ার বিরুদ্ধে মামলা

‎চট্টগ্রাম প্রতিনিধি:
‎চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে জনসেবা এনজিওর সাবেক শাখা ব্যবস্থাপক মোছা. রাজিয়া সুলতানার বিরুদ্ধে ভুয়া ঋণ বিতরণ, সদস্যদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে সংস্থাটির কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে চাকরির জামানতের নামে ব্ল্যাংক চেক ও স্বাক্ষর করা স্ট্যাম্প নেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনলাইনে সংবাদ প্রকাশ করা হয়।
‎
‎জনসেবা এনজিওর নির্বাহী পরিচালক মোস্তফা কামালের দাবি, সীতাকুণ্ডের কয়েকজন শিক্ষিত বেকার যুবক-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ডের দোয়াজীপাড়া এলাকার রাজিয়া সুলতানাকে বাড়বকুণ্ড শাখার ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
‎
‎মোস্তফা কামালের অভিযোগ, কয়েক বছর দায়িত্ব পালনের পর রাজিয়া সুলতানা বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। তাঁর দাবি, প্রকৃত ঋণগ্রহীতার পরিবর্তে বিভিন্ন ব্যক্তির নামে ঋণ উত্তোলন করে সেই অর্থ নিজেই ব্যবহার করতেন তিনি। পাশাপাশি সদস্যদের কাছ থেকে আদায় করা সঞ্চয়ের টাকা প্রতিষ্ঠানের হিসাবে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে।
‎
‎প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দাবি, প্রাথমিকভাবে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় হিসাব ও ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী সময়ে কেন্দ্রীয় পর্যায়ের অডিটেও তাঁর বিরুদ্ধে অনিয়মের বিষয়টি উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
‎
‎মোস্তফা কামাল আরও জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য রাজিয়া সুলতানাকে একাধিকবার প্রস্তাব দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। পরে প্রতিষ্ঠানটি মামলা করতে বাধ্য হয়। বর্তমানে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তাধীন বলে জানান তিনি।
‎
‎এদিকে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলা ও তদন্তের বিষয়টি সামনে আসার পর তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং শাখার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি সদস্যদের ঋণের কিস্তি পরিশোধ না করতে প্ররোচিত করার অভিযোগও করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।
‎
‎অন্যদিকে, চাকরির জামানতের নামে ব্ল্যাংক চেক ও স্বাক্ষর করা স্ট্যাম্প নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে জনসেবা এনজিও। প্রতিষ্ঠানটির বক্তব্য, কোনো কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে এ ধরনের হয়রানিমূলক পদ্ধতিতে জামানত নেওয়া হয়নি। অফিসের অবস্থান নিয়েও যে প্রশ্ন তোলা হয়েছে, তা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের সুবিধার কথা বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে বলে জানান মোস্তফা কামাল।
‎
‎তিনি আরও অভিযোগ করেন, আর্থিক অনিয়মের অভিযোগ থেকে দৃষ্টি সরাতে তাঁকে রাজনৈতিকভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম ও পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য প্রচার করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। তাঁর দাবি, প্রতিষ্ঠানের কার্যক্রম কেন্দ্রীয় সংস্থার নীতিমালা এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) বিধিবিধান অনুসরণ করেই পরিচালিত হয়।
‎
‎মোস্তফা কামাল বলেন, “আমরা চাই, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে যার বিরুদ্ধে যে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
‎
‎তবে রাজিয়া সুলতানার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অন্যান্য অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট তদন্ত ও আদালতের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,