লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে লক্ষাধিক টাকার মালামাল জব্দ
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।
গত ৩১ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের সীমান্তবর্তী খামারভাতী, বানিয়াটারী ও চান্দেরহাট এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউরানী, শিমুলবাড়ী ও রামখানা বিওপির টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ০৪ কেজি গাঁজা, ১০০ বোতল ইস্কাফ সিরাপ এবং ২৮০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৬০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





